প্রগতি ত্রিপুরা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬: রাত পোহালেই ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন ভোটকর্মীরা। দীর্ঘ দশ বছর পর রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের পাশাপাশি ভোটকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি উৎসাহ ও উন্মাদনা।
এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যালট পেপারের মাধ্যমে। ফলে এডিসি এলাকার নবীন ভোটারদের অনেকেই প্রথমবার ব্যালট পেপারে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
আমবাসা আর ডি ব্লক এলাকায় মোট ৪১টি পোলিং স্টেশন রয়েছে। রবিবার সকাল ৮টা থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকর্মীদের নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত ভোটকর্মী যাতে নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছতে পারেন, সেদিকেও নজর রাখা হয়েছে।
এ বিষয়ে আমবাসা আর ডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বর্ণিতা বিশ্বাস জানান, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকর্মীরাও নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে যাচ্ছেন বলে জানান তিনি।
পাশাপাশি সকল ভোটারের কাছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আবেদন জানান রিটার্নিং অফিসার।








