প্রগতি ত্রিপুরা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬: এডিসি ভিলেজ কমিটির নির্বাচনী প্রচারের শেষদিনে দুই বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জোলাইবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত রামরাইবাড়ি রঞ্জন আলি পাড়া এলাকায়।
আক্রান্ত বিজেপি কর্মী জাহুরা খাতুনের অভিযোগ, এলাকার বাসিন্দা জামাল মিয়াসহ কয়েকজন তিপ্রা মথার কর্মী দলবদ্ধভাবে তাঁর বাড়িতে এসে তাঁকে এবং তাঁর ভাই বিজেপি নেতা নাসির মিয়াকে শারীরিকভাবে আক্রমণ করেন। পাশাপাশি তাঁদের বাড়ি থেকে উচ্ছেদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পর আহতদের জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আক্রান্তরা সন্ধ্যায় জোলাইবাড়ি আউটপোস্টে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় অভিযুক্ত তিপ্রা মথার পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি
।








