প্রগতি ত্রিপুরা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬: আগামী ২৮ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আজ খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিআরপিএফ, অসম রাইফেলস, বিএসএফ, টিএসআর, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, স্পর্শকাতর এলাকায় নজরদারি এবং ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জেলা পুলিশ সুপার জানান, খোয়াই জেলার পাঁচটি ব্লকের মোট ৫৩টি পুলিং স্টেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত পাঁচ কোম্পানি সিআরপিএফ জওয়ান আনা হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ, টিএসআর এবং বিএসএফ জওয়ানদেরও নিরাপত্তার কাজে মোতায়েন করা হবে। জেলা পুলিশ সুপার আশা প্রকাশ করেন, প্রশাসনের সমন্বিত উদ্যোগে খোয়াই জেলায় এবারের এডিসি ভিলেজ কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।








