প্রগতি ত্রিপুরা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬: ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং টেট উত্তীর্ণ বেকারদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদে ধর্মনগরে বিক্ষোভ মিছিল করল ডিওয়াইএফআই। শনিবার ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডিওয়াইএফআই-এর অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছে সংগঠনটি।
পাশাপাশি, রাজ্যের টেট উত্তীর্ণ বেকারদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারেরও প্রতিবাদ জানানো হয়। ডিওয়াইএফআই-এর দাবি, সম্প্রতি আগরতলায় রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং সংগঠনের রাজ্য নেতৃত্ব নবারুণ দে-সহ কয়েকজনকে গ্রেফতার করে।
এই ঘটনার প্রতিবাদে এবং টেট উত্তীর্ণ বেকারদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শনিবার দুপুর ১টা নাগাদ ধর্মনগর সিপিআই(এম) জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও কার্যকলাপের সমালোচনা করেন।
গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি টেট উত্তীর্ণ বেকারদের আন্দোলনের প্রতি সংগঠনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এদিনের কর্মসূচিতে ডিওয়াইএফআই-এর নেতা-কর্মীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক যুবক অংশ নেন।








