ধলাই জেলায় ম্যালেরিয়া সচেতনতা ও বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬: ধলাই জেলায় ম্যালেরিয়া রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর তারিখে ধলাই জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ স্বাস্থ্য শিবির এবং স্কুল সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
২২ সেপ্টেম্বর আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন হরিণছড়া-আয়ুষ্মান আরোগ্য মন্দির-এর অন্তর্গত প্রকরাই পাড়া এলাকায় একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।

দুর্গম এই এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই শিবির আয়োজিত হয়। শিবিরে আগত স্থানীয় বাসিন্দাদের ম্যালেরিয়া পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই শিবিরে মোট ৩০ জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা লাভ করেন।

একই দিনে, মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনস্থ দেও আরএফ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে ঈশান রোয়াজা পাড়া ইংলিশ মিডিয়াম স্কুলে একটি বিশেষ স্কুল সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের মধ্যে ছোটবেলা থেকেই ম্যালেরিয়া রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও স্বাস্থ্যকর্মীরা ছাত্রছাত্রীদের ম্যালেরিয়ার লক্ষণ, মশার উৎপত্তিস্থল ধ্বংস করার উপায় এবং মশারি ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

Leave a Comment