প্রগতি ত্রিপুরা, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজ্যে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে।
আশীষ কুমার সাহার অভিযোগ, ত্রিদলীয় জোট গঠনের পর থেকেই বিভিন্ন এলাকায় কংগ্রেস কর্মীদের মনোনয়নপত্র দাখিল করতে বাধা দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। তাঁর দাবি, বিগত নির্বাচনগুলির মতো এবারও অগণতান্ত্রিক কার্যকলাপের অভিযোগ উঠছে।
নির্বাচন ঘোষণার কয়েকদিন আগে রাজ্য নির্বাচন কমিশনার পরিবর্তনের বিষয়টিও প্রশ্নের মুখে তুলে তিনি বলেন, এর পিছনে নির্বাচনকে ‘প্রহসনে’ পরিণত করার উদ্দেশ্য রয়েছে বলে তিনি মনে করেন। একইসঙ্গে নির্বাচন কমিশন, আরক্ষা প্রশাসন এবং সাধারণ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আগামী ২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন হয়, সেজন্য আরক্ষা প্রশাসনকে প্রয়োজনীয় দায়িত্ব পালনের আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য প্রভারী তথা সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা। তিনি এডিসি এলাকার জনগণের কাছে ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেসকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য, কংগ্রেস ভালো কাজ করতে না পারলে পরবর্তী সময়ে জনগণ তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন।
উলাকা আরও বলেন, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রদেশ কংগ্রেস প্রস্তুতি শুরু করেছে। ত্রিপুরাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও জানান তিনি।
এডিসি-র বর্তমান পরিচালনা নিয়েও সরব হন কংগ্রেসের রাজ্য প্রভারী। তাঁর অভিযোগ, পূর্ববর্তী নির্বাচনের সময় তিপ্রা মথার পক্ষ থেকে সরকারি চাকরি, পুলিশ নিয়োগ এবং ছাত্রছাত্রীদের ল্যাপটপ ও স্মার্টফোন দেওয়ার মতো একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতিগুলির যথাযথ বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি। বিজেপি ও তিপ্রা মথার মধ্যে রাজনৈতিক সমঝোতা নিয়েও কটাক্ষ করে তিপ্রা মথাকে বিজেপির ‘ছোট ভাই’ বলে মন্তব্য করেন উলাকা।
এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে উনকোটি, আমবাসা ও ধর্মনগর জেলায় নির্বাচনী প্রচারে নামছে কংগ্রেস। দলীয় কর্মসূচিতে রাজ্য প্রভারী সপ্তগিরি শঙ্কর উলাকা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে রাজ্য প্রভারী সপ্তগিরি শঙ্কর উলাকা ছাড়াও প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, শব্দ কুমার জামাতিয়া-সহ দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।








