প্রগতি ত্রিপুরা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬: দীর্ঘ ২১ বছর ধরে খালি পড়ে থাকা পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা প্লান্টেশনের একাংশ নষ্ট করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর থানাধীন ওয়াথি লং এলাকায়। অভিযোগ, দুষ্কৃতিকারীরা প্লান্টেশনের বাউন্ডারির একটি অংশ কেটে ক্ষতিগ্রস্ত করেছে। ঘটনাকে ঘিরে সম্পত্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, বিজেপির প্রদেশ কমিটির প্রাক্তন সভাপতি পাতাল কন্যা জমাতিয়ার পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় ছিল। প্রায় ২১ বছর পর ওই সম্পত্তিতে প্লান্টেশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি সেই প্লান্টেশনের বাউন্ডারির এক প্রান্ত কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাতাল কন্যা জমাতিয়া। সেখানে গিয়ে তিনি প্লান্টেশনের ক্ষতিগ্রস্ত অংশগুলি সরেজমিনে দেখেন।
তাঁর অভিযোগ, পরিকল্পিত ভাবে প্লান্টেশনের একটি অংশের বাউন্ডারি কেটে ক্ষতি করা হয়েছে। দীর্ঘদিন পর পৈতৃক সম্পত্তিতে কাজ শুরু করার পর এমন ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।পাতাল কন্যা জমাতিয়া জানান, ঘটনার বিষয়টি ইতিমধ্যেই কল্যাণপুর থানাকে অবগত করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলেও তিনি জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন উঠলেও, প্রকৃতপক্ষে কারা প্লান্টেশনের বাউন্ডারি ক্ষতিগ্রস্ত করেছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে ঘটনার নেপথ্যের কারণ এবং জড়িতদের সম্পর্কে স্পষ্ট ছবি সামনে আসতে পারে।








