প্রগতি ত্রিপুরা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬: গনেশ পূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দশমী ঘাটে এক অপ্রীতিকর ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে, গত দু’দিন ধরে গনেশ প্রতিমা বিসর্জন শুরু হয়েছে এবং বিশ্বকর্মা পূজার দিন গনেশ প্রতিমা নিয়ে একটি সামাজিক সংস্থা দশমী ঘাটে আসে। প্রতিমা নিয়ে আসার সময় ঘাট সংলগ্ন এলাকায় দশমী ঘাটের ক্লাব সেক্রেটারি ও অন্যান্যরা বসে কথা বলছিলেন।
সেই সময় মাঙ্গলিক ক্লাবের নিয়ে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির গায়ে ধাক্কা লাগে এবং তিনি গুরুতর আহত হন। এই অবস্থাকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। সংঘর্ষের জেরে দুই গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় এবং গুরুতর আহত হন এক ব্যাক্তি। তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের গাড়িগুলো থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে এবং গাড়িগুলো থানায় এনে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। এ তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।








