প্রগতি ত্রিপুরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬: আগরতলা শহরের হাওড়া নদীর পারের সৌন্দর্যায়ন ও ফ্রন্ট ডেভেলপমেন্টের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করবে এবং জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।
এদিন এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার । তিনি জানান অতীতে এই নদীর পার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং আবর্জনার স্তূপ জমে থাকায় স্থানীয় বাসিন্দারা নানা সমস্যায় পড়তেন। এছাড়া নদীর পাড়ে অবৈধভাবে বসবাস ও জনবসতির কারণে নদীর জলও দূষিত হচ্ছিল।
কেন্দ্র সরকার ও স্মার্ট সিটি মিশনের যৌথ উদ্যোগে প্রায় ৯৬ কোটি টাকা খরচ করে এই আধুনিক সৌন্দর্যায়ন ও পার ডেভেলপমেন্টের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পটির ফলে আগরতলা শহর আরও সুন্দর রূপ নিয়েছে এবং ১.৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই এলাকাটি নতুন রূপ লাভ করেছে। তবে সরকারি এই সম্পদ রক্ষা করার দায়িত্ব স্থানীয় বাসিন্দা ও এলাকার ক্লাবগুলির ওপর বলে জানায় মেয়র। উদ্বোধনের আগেই এলাকার সাধারণ মানুষ ও পর্যটকরা এই নতুন রূপ দেখতে ভিড় জমাচ্ছেন।








