এক ছবিতে ছয় নতুন মুখ, অক্টোবরে আসছে ‘পহেলা প্যায়ার দোসরী বার’

অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর,২০২৬: বলিউডে নতুন প্রতিভাবান মুখের আগমন ঘটতে চলেছে। প্রযোজক লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মসের নতুন ছবি ‘পহেলা প্যায়ার দোসরী বার’ -এর প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। বন্ধুত্ব ও কমেডিকে ঘিরে নির্মিত এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছয় নবাগত শিল্পীর।

ছবিটি পরিচালনা করেছেন অনুজ সাইনি। তাঁরও এটি পরিচালনায় অভিষেক। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন আলিশা চোপড়া, স্পর্শ ওয়ালিয়া, সাক্ষী বৈদ্য, কুণাল বৈদ্য, সর্গুন কৌর লথরা এবং তুষার চিব্বার। ছবিটি প্রযোজনা করেছেন লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ।

প্রকাশিত প্রথম পোস্টারে ছয় নবাগতকে প্রাণবন্ত ও তারুণ্যে ভরা লুকে দেখা গেছে। পোস্টারের রঙিন উপস্থাপনা এবং চরিত্রগুলোর হাস্যরসাত্মক ভঙ্গি ছবিতে বন্ধুত্ব, তারুণ্য ও কমেডির মিশেলের ইঙ্গিত দিচ্ছে।

নতুনদের নিয়ে কাজ প্রসঙ্গে লাভ রঞ্জন জানান, নতুন মুখ নিয়ে কাজ করা চ্যালেঞ্জিং হলেও বিষয়টি তাঁর কাছে বিশেষভাবে আনন্দের। প্রায় ১৫ বছর আগে ‘প্যায়ার কা পঞ্চনামা’-র মাধ্যমে তিনিও নতুনভাবে কাজের সুযোগ পেয়েছিলেন।

এবার ছয় নবাগতকে ঘিরে একটি নতুন গল্পের জগৎ তৈরি করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান। লাভ ফিল্মস প্রযোজিত ‘পহেলা প্যায়ার দোসরী বার’ আগামী ২৩ অক্টোবর, ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Leave a Comment