অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর, ২০২৬: ‘ডন ৩’ থেকে শুটিং শুরুর কয়েক সপ্তাহ আগে সরে দাঁড়ানোর অভিযোগকে কেন্দ্র করে অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সাইন এমপ্লয়িজ (FWICE)। সংগঠনের পক্ষ থেকে সদস্যদের রণবীরের সঙ্গে কাজ না করার আহ্বান জানিয়ে ‘অসহযোগের নির্দেশিকা’ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
FWICE-এর দাবি, রণবীর সরে দাঁড়ানোর আগে ‘ডন ৩’-এর প্রি-প্রোডাকশনের কাজে নির্মাতারা প্রায় ৪৫ কোটি টাকা খরচ করেছিলেন। বিদেশে শুটিংয়ের প্রস্তুতিতেও উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছিল বলে সংগঠনটির দাবি।
FWICE সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন, রণবীরকে তাঁর অবস্থান স্পষ্ট করার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তিনি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেননি। তাঁর সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত এই অসহযোগের সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
পরিচালক ও প্রযোজক ফারহান আখতার FWICE-এর কাছে অভিযোগ করেছেন বলে জানা গেছে, শুটিং শুরুর প্রায় তিন সপ্তাহ আগে রণবীর ছবিটি থেকে সরে দাঁড়ান। এর ফলে ইতিমধ্যেই সম্পন্ন হওয়া প্রস্তুতিমূলক কাজ ও ব্যয়ের বিষয়ে সমস্যা তৈরি হয়।
‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে মুখ্য চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় করার কথা ছিল। অমিতাভ বচ্চনের হাত ধরে ১৯৭৮ সালে শুরু হওয়া এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি পরে শাহরুখ খানের অভিনয়ে নতুন মাত্রা পায়।
এদিকে, রণবীর সিং বা তাঁর দলের পক্ষ থেকে এখনও অভিযোগগুলির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার টিম FWICE-এর পক্ষ থেকে তাঁকে তলব করার সাংগঠনিক এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে। ‘ডন ৩’ ঘিরে তৈরি এই বিতর্কে এখন পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর বলিউড মহলের।








