প্রগতি ত্রিপুরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: মনসা দেবীর প্রতিমা নিরঞ্জনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমাবাহী একটি গাড়ি উল্টে আহত হলেন পাঁচজন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে খোয়াই বাঁধের পাড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খোয়াই দুর্গানগর এলাকার বাসিন্দা বিপ্লব রায় ওরফে বান্টির বাড়িতে গতকাল মনসা দেবী ও বাবা লোকনাথের পুজো অনুষ্ঠিত হয়। পুজো শেষে আজ পরিবারের সদস্য ও পরিজনরা প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে একটি গাড়িতে করে রওনা দেন।
বাঁধের পাড় এলাকায় পৌঁছনোর পর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার নিচে উল্টে যায়। গাড়িতে প্রতিমার সঙ্গে থাকা পাঁচজনই দুর্ঘটনায় আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দুই শিশু থাকায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বর্তমানে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে চালকের চোখ লেগে যাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে বলে স্থানীয়ভাবে জানা গেলেও, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।








