প্রগতি ত্রিপুরা, ১১ সেপ্টেম্বর, ২০২৬: দীর্ঘ আট বছর পর কমলপুর মহকুমার মানিকভান্ডার বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ব্যবসায়ী সম্মেলন। বৃহস্পতিবার মানিকভান্ডার হলঘরে আয়োজিত এই সম্মেলনে ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, বিশিষ্ট সমাজসেবী পরিতোষ পাল, তাপস পাল সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানিকভান্ডার বাজারকে আরও সমৃদ্ধ করার উপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল নতুন কমিটি গঠন। সর্বসম্মতিক্রমে পিনাক গোপকে সভাপতি নির্বাচিত করা হয়। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দীপক পাল ও লিটন দাস। সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সুবোধ দাস। এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে আরও সদস্যদের নির্বাচিত করা হয়।
দীর্ঘ বিরতির পর ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। নবগঠিত কমিটির প্রতি বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যবসায়ীরা।







