প্রগতি ত্রিপুরা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬: বিদ্যুৎ মাসুল বৃদ্ধি রোধ এবং স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া বাতিলের জোরালো দাবি জানিয়ে রেগুলেটরি কমিশনের শরণাপন্ন হলো ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার অ্যাসোসিয়েশন। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে কমিশনের অফিসে গিয়ে এক প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের সচিব সঞ্জয় চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গ্রাহকদের স্বার্থরক্ষার্থে তাঁদের মূল দাবিগুলি কমিশনের নীতি-নির্ধারক কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে।
বিদ্যুৎ মাসুল প্রত্যাহার: সরকার যেহেতু ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ মাশুল ভর্তুকি হিসেবে দেওয়ার কথা বলছে, তাই বিল থেকে এই বর্ধিত মাসুলের অংশটুকু সম্পূর্ণ তুলে নেওয়ার বা প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। এর জন্য সরকারের পক্ষ থেকে সরাসরি টিএসইসিএল (TSECL)-কে ভর্তুকির অর্থ দিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত বিলের চাপ না পড়ে।
স্মার্ট মিটার বাতিলের দাবি: রাজ্যে স্মার্ট মিটার লাগিয়ে তা চালু করার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। সংগঠনের স্পষ্ট বক্তব্য, প্রি-পেইড ও পোস্ট-পেইড মিটার চালুর বিষয়টি সম্পূর্ণ গ্রাহকদের ইচ্ছার ওপর নির্ভর করা উচিত। জোর করে নতুন সংযোগ শুধুমাত্র প্রি-পেইড করা হবে—টিএসইসিএল-এর এমন নির্দেশিকার তীব্র বিরোধিতা করে তা বাতিলের দাবি জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যেহেতু রেগুলেটরি কমিশনই রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার নীতি নির্ধারণ করে, তাই গ্রাহকদের স্বার্থে তাঁদের উত্থাপিত ৭ দফা দাবি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপানো না হয়, সে বিষয়ে কমিশন যথাযথ পদক্ষেপ নেবে বলেই আশা প্রকাশ করেছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার অ্যাসোসিয়েশন।








