জোলাইবাড়ীতে ত্রিপাক্ষিক জোটের নির্বাচনী ঢেউ: আসন ভাগাভাগির পর ৮৪ প্রার্থীর মনোনয়ন জমা

প্রগতি ত্রিপুরা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে জোলাইবাড়ী ব্লকে ঐক্যবদ্ধ শক্তির বার্তা দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি), তিপ্রা মথা এবং আইপিএফটি। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ত্রিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে সোমবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে এদিন জোলাইবাড়ী ব্লকে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি নেতৃত্বের মধ্যে এক গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বসম্মত আলোচনার ভিত্তিতেই তিন দলের মধ্যে আসন বণ্টন সম্পন্ন করা হয়। এর পর দলীয় কর্মী-সমর্থকদের বিশাল শোভাযাত্রা নিয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিতে যান প্রার্থীরা।

মনোনয়ন প্রক্রিয়া শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ও আইপিএফটি নেতৃত্ব যৌথভাবে জানান, জোলাইবাড়ী ব্লকের অধীনে থাকা ১০টি এডিসি ভিলেজের মোট ৪৮টি ওয়ার্ডের জন্য ৮৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকল শরিক দলের মধ্যে সুসংহত সমঝোতা ও আলোচনার মাধ্যমেই সেরা প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

নেতৃত্বেরা আশাপ্রকাশ করেন, আসন্ন এই ভিলেজ নির্বাচনে জোট সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। ভিলেজ কমিটি গঠন করে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে সরাসরি উপজাতি এলাকার প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। এদিন ত্রিপাক্ষিক জোটের এই বিশাল মনোনয়ন জমাকে কেন্দ্র করে সমগ্র জোলাইবাড়ী ব্লক এলাকায় তিন দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

Leave a Comment