আগরতলায় দুটি ৯ এমএম পিস্তল ও গুলিসহ বিহারের ২ যুবক গ্রেফতার

প্রগতি ত্রিপুরা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬: একটি গোপন খবরের ভিত্তিতে চালানো যৌথ অভিযানে আগরতলায় দুটি ৯ এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলিসহ বিহারের দুই যুবকদের গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ ও আসাম রাইফেলস। রবিবার শালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের জালে তোলা হয়।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান এনসিসি-র এসডিপিও সুব্রত বর্মন। তিনি জানান, গোপন তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ ও আসাম রাইফেলস শালবাগান এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায়। তাতেই সাফল্য মেলে এবং ওই দুই যুবকের কাছ থেকে দুটি ৯ এমএম পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক সন্দেহ, ধৃতেরা আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং রাজ্যের কোথায় বা কার কাছে তা সরবরাহের পরিকল্পনা ছিল, সে বিষয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসডিপিও জানিয়েছেন, ঘটনার মূল শিকড়ে পৌঁছাতে ধৃতদের রিমান্ডের আর্জি জানিয়ে সোমবারই আদালতে পেশ করা হচ্ছে। এই বেআইনি অস্ত্র চালানের পেছনে বড় কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment