ধর্মনগরের পর এবার উদয়পুর: স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কারবারের অভিযোগ, আটক ৩

প্রগতি ত্রিপুরা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬: ধর্মনগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উদয়পুরের রাজাবাগ এলাকায় একটি স্পা সেন্টারকে কেন্দ্র করে নামল চাঞ্চল্যের ছায়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তথাকথিত ওই স্পা সেন্টারের আড়ালে চলছিল অসামাজিক ও অনৈতিক ক্রিয়াকলাপ। রবিবারের এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার সন্ধ্যারাতে রাজাবাগ এলাকার কয়েকজন যুবক আচমকাই স্পা সেন্টারটিতে প্রবেশ করেন। অভিযোগ, সেখানে বেশ কয়েকজন যুবক-যুবতীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তাঁরা। স্থানীয় যুবকরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলেন বলে জানা গিয়েছে।

ঘটনার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই রাজাবাগ এলাকায় উপচে পড়া ভিড় জমে যায়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা খবর দেন থানায়। খবর পাওয়া মাত্রই উদয়পুরের রাধাকিশোরপুর থানা এবং রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্পা সেন্টার থেকে দুই গৃহবধূ ও এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

ঘনবসতিপূর্ণ এলাকায় স্পা সেন্টারের নামে এমন অসামাজিক কার্যকলাপ চলায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেন্টারটির উপযুক্ত লাইসেন্স ও বৈধ অনুমোদন রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত কড়া আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঠিক কী ধারায় মামলা রুজু হচ্ছে, সে বিষয়ে পুলিশের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে স্পা সেন্টারের আড়ালে ঠিক কী ধরনের বেআইনি চক্র সক্রিয় ছিল, তা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment