প্রগতি ত্রিপুরা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে কেন্দ্র করে লেফুঙ্গা ব্লকে দেখা গেল এক ব্যতিক্রমী রাজনৈতিক দৃশ্য। ব্লকের অন্তর্গত ১০টি ভিলেজ কমিটির নির্বাচনে শাসক কিংবা প্রধান বিরোধী—কোনও দলের প্রার্থীরই এখনও পর্যন্ত মনোনয়ন জমা না পড়ার খবর সামনে এসেছে। উল্টে মাঠে একচ্ছত্র দাপট দেখাচ্ছে তিপ্রা মথা।
লেফুঙ্গা ব্লকের ১০টি ভিলেজ কমিটির মধ্যে ইতিমধ্যে ৫টিতে তিপ্রা মথা দলের মনোনীত মোট ৩৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকি ভিলেজ কমিটিগুলিতেও সোমবার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার কথা। তবে আশ্চর্যজনকভাবে শাসক দল বিজেপি, জোট সঙ্গী আইপিএফটি এবং বিরোধী সিপিআইএম বা কংগ্রেসের তরফ থেকে এখনও কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
এদিকে সম্পূর্ণ নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন লেফুঙ্গা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক। তিনি জানান, একটি সুস্থ, স্বাভাবিক এবং ভয়মুক্ত পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ব্লক প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একইসঙ্গে এলাকার সমস্ত ভোটারদের কোনওরকম আশঙ্কা না করে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক।








