প্রগতি ত্রিপুরা, ০৬ সেপ্টেম্বর, ২০২৬: উদয়পুর মহকুমার জামজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার বৈষ্ণবীচর চৌমুহনীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন তিন স্কুটি আরোহী। উদয়পুর-কাকড়াবন প্রধান সড়কে একটি দ্রুতগামী বোলেরো গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে আহত তিন যুবকই গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, বৈষ্ণবীচর চৌমুহনী এলাকায় TR03 M 1798 নম্বরের একটি বোলেরো গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা TR07 J 5947 নম্বরের একটি স্কুটির আচমকা মুখোমুখি ধাক্কা লাগে। বিকট শব্দে স্কুটিটি ছিটকে পড়ে এবং স্কুটিতে থাকা তিন আরোহী অর্পিত দাস (২০), অরিন্দম দাস (২১) এবং শুভ্রজিৎ দাস (২২) সড়কে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই স্থানীয় খবর পেয়ে উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক খবর অনুযায়ী, হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে, ঘটনার সংবাদ পেয়ে কাকড়াবন থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ঘাতক গাড়ি ও স্কুটি সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিন অমরপুরে একটি দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হন কাকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার। সড়কে এহেন দুর্ঘটনার বাড়বাড়ন্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। যান চলাচলের ক্ষেত্রে চালকদের আরও সচেতন হওয়া এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জোরদার হচ্ছে জনমানসে।








