পরপর দুই রাতে জোড়া দুঃসাহসিক চুরি রাউৎখলায়, চোরের উপদ্রবে আতঙ্কে বিশালগড়বাসী

প্রগতি ত্রিপুরা, ০৬ সেপ্টেম্বর, ২০২৬: বিশালগড় থানা এলাকায় আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে চোরের উপদ্রব। পর পর দুই রাতে একই এলাকায় চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সমগ্র রাউৎখলা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরাধের মাত্রা বাড়লেও পুলিশ প্রশাসনের ভূমিকা কার্যত নিষ্ক্রিয়। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে রাউৎখলা এলাকায় প্রথম চুরির ঘটনাটি ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে একই এলাকায় প্রয়াত সাংবাদিক সুব্রত সাহার বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।

ঘটনার সময় সুব্রতবাবুর পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত ছিলেন না। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ঘরের তালা ভেঙে ঢুকে পড়ে দুষ্কৃতীর দল। এরপর ঘরে থাকা নগদ টাকা, সোনার গয়না ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে চম্পট দেয় তারা। রবিবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি বাড়িতে পৌঁছান এবং বিশালগড় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

একাধিক চুরির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের দাবি, বিশালগড়ে একের পর এক চুরির ঘটনা ঘটে চললেও পুলিশ একটি ঘটনারও কুলকিনারা করতে পারছে না। ফলে সাধারণ মানুষের ঘরবাড়ির নিরাপত্তা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। চোরচক্রের এই বাড়বাড়ন্তে আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। অবিলম্বে নৈশ টহল জোরদার করা এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করে চুরি হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন রাউৎখলাবাসী।

Leave a Comment