সিসি টিভির তার ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুঃসাহসিক চুরি! চাঞ্চল্য খোয়াইয়ের বৈদ্যনাথ চৌমুনীতে

প্রগতি ত্রিপুরা, ০৪ সেপ্টেম্বর, ২০২৬: সিসি টিভির তার ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একটি মুদি সামগ্রীর পাইকারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াইয়ের পহরমুড়া বৈদ্যনাথ চৌমুনী এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, পহরমুড়া বৈদ্যনাথ চৌমুনীর মুদি সামগ্রীর পাইকারি ব্যবসায়ী সাগর পাল প্রতিদিনের মতো গতকাল নির্ধারিত সময়ে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। অভিযোগ, রাতের কোনো এক সময় চোরের দল দোকানের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে।
চোরেরা প্রথমেই দোকানের সিসিটিভির তার ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে জানা গেছে। এরপর দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় ১০ হাজার টাকা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা।

আজ সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে পড়তেই হতভম্ব হয়ে পড়েন দোকানের মালিক সাগর পাল। পরে তিনি গোটা বিষয়টি খোয়াই থানার পুলিশ প্রশাসনকে জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কীভাবে চোরের দল দোকানে প্রবেশ করল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে, জনবহুল এলাকায় এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় পহরমুড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয়, পুলিশের তদন্তে এই চুরি কাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হয় কি না।

Leave a Comment