ঘিলাতলীর জলিল রহমানের মর্মান্তিক প্রয়াণে শোকাহত বিধায়ক পিনাকী দাস চৌধুরী! নিহতের বাড়িতে গিয়ে পরিজনদের সমবেদনা, কঠোর শাস্তির আশ্বাস!!

প্রগতি ত্রিপুরা, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: : কল্যাণপুর থানার অন্তর্গত ঘিলাতলীর বাসিন্দা জলিল রহমানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি এই অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতের পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে বিধায়ক জানান, গতকাল আগরতলায় অবস্থানকালেই তিনি ঘটনার খবর পান এবং সঙ্গে সঙ্গে স্থানীয় স্তরে খোঁজখবর নিয়ে নিহতের পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা বলেন। এরপর আজ স্থানীয় দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে সরাসরি নিহতের বাসভবনে যান বিধায়ক।

সেখানে পৌঁছে তিনি শোকস্তব্ধ পরিবার-পরিজনদের সাথে দেখা করেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে বিধায়ক পিনাকী দাস চৌধুরী জানান, যেহেতু সম্পূর্ণ বিষয়টি তদন্তসাপেক্ষ, তাই তিনি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলেছেন। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক স্পষ্ট ভাষায় বলেন, “আমি এবং আমাদের রাজ্য সরকার সবসময় এই পরিবারটির পাশে আছি। এই ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” বিধায়ক প্রয়াত জলিল রহমানের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।

Leave a Comment