প্রগতি ত্রিপুরা, ০২ সেপ্টেম্বর, ২০২৬: জওয়ানদের মধ্যে সুস্থ, শৃঙ্খলিত এবং মাদকমুক্ত জীবনযাত্রার বার্তা পৌঁছে দিতে ত্রিপুরায় এক বিশেষ উদ্যোগ নিল আসাম রাইফেলস। ত্রিপুরার আগরতলা গার্ডিয়ানে বাহিনীর জোয়ানদের জন্য একটি ‘নশামুক্ত ভারত’ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
এই প্রচারসূচির মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নেশাজাতীয় উপাদানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জোয়ানদের সংবেদনশীল করে তোলা। এর পাশাপাশি মাদকাসক্তির ফলে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে কী ধরনের মারাত্মক পরিণতি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুস্থ জীবনধারা বজায় রাখা, কঠোর আত্মসংযম অনুশীলন এবং যেকোনো ধরনের নেশা থেকে দূরে থাকার গুরুত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
শিবিরে সচেতনতামূলক বক্তব্য ও পারস্পরিক মতবিনিময় পর্বের পাশাপাশি বেশ কয়েকটি কর্মসূচির আয়োজন করা হয়, যা জওয়ানদের মধ্যে মাদকমুক্ত জীবনযাপনের বার্তা আরও দৃঢ় করে তোলে। সমাজকে মাদকমুক্ত ও শৃঙ্খলিত রাখতে প্রত্যেক ব্যক্তির নিজস্ব যে দায়িত্ব রয়েছে, সেই দিকটিও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
আসাম রাইফেলস তাদের কর্মীদের মাদকের ভয়াবহ ছায়া থেকে মুক্ত রাখতে এবং শারীরিক সুস্থতা ও শৃঙ্খলাবোধের সংস্কৃতিকে লালন করতে সংকল্পবদ্ধ। জাতীয় স্তরে ‘নশামুক্ত ভারত’ গড়ে তোলার যে স্বপ্ন, এই উদ্যোগের মাধ্যমে বাহিনী পুনরায় সেই লক্ষ্যের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করল।








