গাড়ির রঙ বদলে আগরতলায় ব্যবসা, ট্রাফিক পুলিশের ই-রিকশা

প্রগতি ত্রিপুরা, ০২ সেপ্টেম্বর, ২০২৬: শহরের ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে নিয়মিত চেকিং অভিযানের অংশ হিসেবে আগরতলায় একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত ই-রিকশা (টমটম/অটো) আটক করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের সাধারণ চেকিংয়ের সময় গাড়িটি থামানো হলে এর নথিপত্রে একাধিক অসংগতি ধরা পড়ে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির সময় গাড়িটির নথিপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, রেজিস্ট্রেশন কার্ডটি দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া অঞ্চলের এক মহিলার নামে রয়েছে। অথচ গাড়িটি আগরতলা শহরে চালানো হচ্ছিল। জিজ্ঞাসাবাদে চালক জীবন দাস জানান, তিনি গাড়িটি দ্বিতীয় হাত (সেকেন্ড হ্যান্ড) হিসেবে কিনেছেন এবং মালিকানা পরিবর্তন (ওনারশিপ চেঞ্জ)-এর প্রক্রিয়া চলছে।

তবে সবচেয়ে বড় অসঙ্গতি দেখা যায় গাড়ির রঙ ও নম্বরে। চালক স্বীকার করেন যে, তার পূর্বের একটি গাড়ির রঙ ও নম্বর ব্যবহার করে এই গাড়িটি নতুন করে রঙ করা হয়েছিল, যাতে শহরে অবাধে চালানো যায়। ট্রাফিক পুলিশের আধিকারিক জানিয়েছেন, এটি সম্পূর্ণ বেআইনি এবং নিয়মবহির্ভূত পদক্ষেপ।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইন অনুযায়ী সংশ্লিষ্ট চালক ও গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শহরে এরকম আরও অনেক ভুয়ো বা নিয়মবহির্ভূত গাড়ি চলাচল করছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রতিদিনের চেকিং অভিযানে এ ধরনের বহু অবৈধ যানবাহন ধরা পড়ছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Leave a Comment