ই-রিকশা চালকদের ৭ দফা দাবি: আগরতলায় মিছিল ও ট্রাফিক পুলিশ সুপারের কাছে ডেপুটেশন পেশ

প্রগতি ত্রিপুরা, ৩১আগস্ট, ২০২৬: প্রশাসনিক হয়রানি বন্ধ এবং ট্রাফিক সংক্রান্ত নানা জটিলতা সমাধানের লক্ষ্যে এবার সরব হলো ‘ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ’। সাত দফা দাবি পূরণের লক্ষ্যে সোমবার রাজ্য রাজধানী আগরতলায় এক প্রতিবাদ মিছিল ও পশ্চিম জেলার ট্রাফিক সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন ই-রিকশা চালকেরা।

সকালে শহরের প্রধান প্রধান রাজপথ পরিক্রমা করার সময় চালকদের নানা দাবি-দাওয়া নিয়ে সরব স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মিছিল শেষে শ্রমিকেরা পশ্চিম জেলা ট্রাফিক পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে জড়ো হন।

প্রতিবাদ সমাবেশ শেষে সংগঠনের বর্ষীয়ান নেতা অসীম দত্তের নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধিদল ট্রাফিক সুপারের ঘরে প্রবেশ করেন। সেখানে ই-রিকশা চালকদের দৈনন্দিন রুটি-রুজির সমস্যা ও ট্রাফিক পুলিশের নানা কড়াকড়ি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে প্রতিনিধিদল ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি সুপারের হাতে তুলে দেয়।

ডেপুটেশন শেষে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অসীম দত্ত বলেন, “ট্রাফিক প্রশাসন আমাদের তুলে ধরা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে কেবল আশ্বাসেই আমরা থামছি না।”

তিনি আরও জানান, পূর্বে জেলা শাসকের কাছে পেশ করা ১১ দফা এবং ট্রাফিক সংক্রান্ত ৭ দফা দাবি মিলিয়ে মোট ১৮টি মৌলিক বিষয় নিয়ে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার দ্বারস্থ হবেন তাঁরা। আগামী দিনে মহাকরণ অভিযানসহ আরও তীব্র আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

Leave a Comment