প্রগতি ত্রিপুরা, ২৯ আগস্ট, ২০২৬: সামাজিক যোগাযোগমাধ্যমে ছদ্মবেশী (ফেক) অ্যাকাউন্ট থেকে এক কর্মরত সাংবাদিককে উদ্দেশ্যে করে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে। হুমকির মুখে পড়া ওই সাংবাদিকের নাম বিকাশ কাপালি। ঘটনার পর নিরাপত্তার শঙ্কায় তিনি ফটিকরায় থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে সাংবাদিক বিকাশ কাপালিকে লক্ষ্য করে একের পর এক আপত্তিকর ও হুমকিমূলক মন্তব্য করা হতে থাকে। একপর্যায়ে ওই অ্যাকাউন্ট থেকে তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। বিষয়টি নজরে আসার পরই চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।
ঘটনার বিস্তারিত জানিয়ে বিকাশ কাপালি ফটিকরায় থানায় লিখিত অভিযোগ জমা দিলে পুলিশ তা গ্রহণ করে ঘটনার তদন্তে নামে। সাইবার অপরাধের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ প্রশাসন। হুমকি প্রদানকারী ওই ফেক অ্যাকাউন্টটি প্রকৃতপক্ষে কে বা কারা পরিচালনা করছে, তা ট্র্যাক করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, একজন সক্রিয় সাংবাদিককে এভাবে সামাজিক মাধ্যমে উন্মুক্তভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক কাঠামোর স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমের প্রতিনিধিকে হুমকির মুখে ফেলার এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে সংবাদকর্মী মহল। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।








