প্রগতি ত্রিপুরা, ২৯ আগস্ট, ২০২৬: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কেন্দ্রীয় সাধারণ সম্পাদক’ পদে আসীন হওয়ায় রাজ্য জুড়ে তীব্র আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে ত্রিপুরা ও ত্রিপুরাবাসীর জন্য এক ঐতিহাসিক ও অত্যন্ত গর্বের বিষয় বলে আখ্যা দিয়েছে রাজ্য দলীয় নেতৃত্ব।
বিজেপি নেতৃত্বের
পক্ষ থেকে জানানো হয়েছে, ছোট রাজ্য ত্রিপুরা থেকে এই প্রথম কোনো জননেতা বিজেপির কেন্দ্রীয় সর্বভারতীয় নেতৃত্বের এত বড় ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে স্থান পেলেন। প্রধানমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সভাপতিসহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব বিপ্লব কুমার দেবের ওপর যে আস্থা প্রকাশ করেছেন, তা গোটা রাজ্যের জন্য বিশেষ সম্মানের। এই পদোন্নতির ফলে আগামী দিনগুলোতে ত্রিপুরায় দলের সংগঠন যেমন বহুগুণে শক্তিশালী হবে, তেমনই রাজ্যের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে এর ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে আশা ব্যক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় দায়িত্ব পাওয়ার পর আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছাবেন বিপ্লব কুমার দেব। বিমানবন্দর চত্বরেই দলীয়ভাবে তাঁকে বিপুল অভ্যর্থনা জানানো হবে। সেখান থেকে রাজকীয় শোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিয়ে যাওয়া হবে আগরতলার রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবনে আয়োজিত মূল সংবর্ধনা অনুষ্ঠানে বিপ্লব কুমার দেব উপস্থিত দলীয় কার্যকর্তাদের উদ্দেশে বিশেষ বার্তা প্রদান করবেন।
উক্ত সংবর্ধনা সভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে পদ্ম শিবির। রবীন্দ্র ভবনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, রাজ্য বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যসহ রাজ্যের অন্যান্য মন্ত্রী, বিধায়ক ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটিকে সর্বাত্মকভাবে সফল ও স্মরণীয় করে তুলতে বিজেপির সর্বস্তরের কার্যকর্তা, সমর্থক ও সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।








