রাজ্যের মহিলারা আজ বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার পরিচয় দিচ্ছেন: মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ২৯ আগস্ট, ২০২৬: রাখি বন্ধন একটি পবিত্র উৎসব। প্রেম, মৈত্রী, সৌভাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে বেধে রাখাই রাখি বন্ধনের মূল উদ্দেশ্য। আজ সন্ধ্যায় গোকুলনগরস্থিত টি এস আর-এর ১নং ব্যাটেলিয়ান প্রাঙ্গনে রাখি বন্ধন উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, রাজ্যের মহিলারা আজ বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার পরিচয় দিচ্ছেন।

সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে রাজ্যের সোনার মেয়ে অস্মিতা দে-র অসাধারন পারফরমেন্স এর অন্যতম নিদর্শন। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার মহিলাদের উন্নয়ন এবং তাদের সুরক্ষার স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মহিলাদের সুরক্ষার উপর রাজ্য সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের ৮টি জেলার মধ্যে ৯টি মহিলা থানা খোলা হয়েছে। তিনি বলেন, শুধুমাত্র শারিরিকভাবে ফিট থাকলেই চলবেনা মহিলাদের মানসিক সুস্থতার দিকেও তাদের খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি এস রাও। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে পবিত্র রাখি বন্ধন উৎসবে সামিল হন সর্বস্তরের পুলিশ অফিসার ও কর্মীগণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আই জি আইন শৃঙ্খলা ইপ্পার মনার্ক, আই জি ইনন্টিলিজেন্স এন্ড সিকিউরিটি কৃষ্ণেন্দু চক্রবতী, আই জি প্রবীর মজুমদার, ডি আই জি পুলিশ হেড কোয়ার্টার জৈল সিং মিনা, ডি আই জি ক্রাইম সঞ্জয় রায়, সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সোয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিংকি সাহা প্রমুখ।

Leave a Comment