প্রগতি ত্রিপুরা, ২৭ আগস্ট, ২০২৬: ডাবল ইঞ্জিন সরকারের মুখে উন্নয়নের নানা দাবি শোনা গেলেও বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন কোয়াইফাং এডিসি ভিলেজের অন্তর্গত প্রত্যন্ত দেবকুমার পাড়ায়। উন্নয়নের বিভিন্ন ছবি ও দাবি সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত তুলে ধরা হলেও এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, আজও তারা মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত।কোয়াইফাং বাজার থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত দেবকুমার পাড়া। এর মধ্যে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ আজও পায়ে হেঁটে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের।
অভিযোগ, গ্রামে নেই পাকা রাস্তা, নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। পাশাপাশি নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল কিংবা কোনও স্বাস্থ্যকেন্দ্র।সম্প্রতি এই এলাকার এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য অস্থায়ীভাবে তৈরি খাটিয়ায় করে দীর্ঘ পথ পায়ে হেঁটে নিয়ে যেতে হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৮ কিলোমিটার দূরে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য এমন দুর্ভোগ পোহাতে হয়েছে ওই মহিলাকে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামের এক যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ন্যূনতম পরিষেবার দাবি জানিয়ে আসছেন।
কিন্তু এখনও পর্যন্ত রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের এত দাবি ও প্রচারের মাঝেও যদি একটি প্রত্যন্ত গ্রামের মানুষকে আজও চিকিৎসার জন্য গর্ভবতী মহিলাকে খাটিয়ায় করে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, তাহলে সেই উন্নয়ন পৌঁছাল কোথায়?দেবকুমার পাড়ার বাসিন্দারা অবিলম্বে রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।








