প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংবিধানিক পদে ২৫ বছর পূর্ণ হওয়াকে সামনে রেখে দেশজুড়ে বড়সড় কর্মসূচির পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি । রাজ্য ও ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালিত হতে যাচ্ছে।
এই কর্মসূচি রাজ্যজুড়ে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার রাজ্য অতিথি ভবনে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকের সভাপতিত্ব করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। বৈঠকে বিজেপি ত্রিপুরা রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, রাজ্য মন্ত্রিসভার সদস্যবৃন্দসহ রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকে অভিযান চলাকালীন পরিকল্পিত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, মাসব্যাপী এই অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার ও দল যৌথভাবে প্রায় ২৫টি ভিন্নধর্মী কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে। সমগ্র ত্রিপুরায় প্রতিটি কর্মসূচি যাতে সঠিকভাবে সুসম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই এই রাজ্যস্তরের চূড়ান্ত প্রস্তুতি বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।








