নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও অটো চালকদের সমস্যার প্রতিবাদে রাজপথে অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস

প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: রাজ্যের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং অটোরিকশা চালকদের ওপর প্রশাসনিক হয়রানির প্রতিবাদে সরব হলো অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস। সম্প্রতি অনুষ্ঠিত এক প্রতিবাদ মিছিলে সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেন।

তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৫ দিনে বাজারে চাল, চিনি, পেঁয়াজ ও সর্ষের তেলের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। চাল ও চিনির দাম কেজি প্রতি ৭০ টাকা এবং পেঁয়াজের দাম ৬০ টাকায় গিয়ে ঠেকেছে। সর্ষের তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ২২০ টাকায়। এর ফলে সাধারণ শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

এছাড়াও, অটোরিকশা চালকদের নানা সমস্যার কথা তুলে ধরে শান্তনু পাল জানান, মিটার বসানো, নির্দিষ্ট রুটের অনুমোদন না থাকা এবং ট্রাফিক পুলিশের ডাম্পিং ও হয়রানির কারণে অটো চালকরা চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। সামনে পূজোর মরশুম থাকা সত্ত্বেও মাইক্রোফাইন্যান্স বা ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি মেটাতে তারা ব্যর্থ হচ্ছেন।

রাজ্য সরকারের খাদ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর ও অর্থমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জনবিরোধী নীতির কারণে সাধারণ মানুষ ও শ্রমিকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ভবিষ্যতে এই আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Comment