প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: আগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় একটি শোরুমের বৈদ্যুতিক বক্সে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, এল এম সলি শোরুমের বৈদ্যুতিক বক্সে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, বৈদ্যুতিক বক্সের আশপাশের জায়গায় কাঠ, ময়লা, প্লাইউড, প্লাস্টিকসহ বিভিন্ন দাহ্য সামগ্রী পড়ে রয়েছে। ফলে বৈদ্যুতিক বক্সের পাশে এ ধরনের সামগ্রী রাখা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, শোরুমের এই অংশে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এমনকি বৈদ্যুতিক বক্সের আশপাশে নিরাপত্তার নির্দিষ্ট ব্যবস্থা বা অগ্নিনির্বাপণ সরঞ্জামও চোখে পড়েনি বলে জানা গেছে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই পরিষ্কার হবে।
অল্পের জন্য বড় ধরনের বিপদ এড়ানো গেলেও, এই ঘটনায় শোরুম ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর রয়েছে, সেই প্রশ্নই এখন সামনে আসছে।








