স্মার্ট মিটার বাতিল ও বেসরকারীকরণের প্রতিবাদে ধর্মনগরে গর্জে উঠল সমিতি: বিদ্যুৎ দপ্তরের সামনে ২ ঘণ্টার তীব্র বিক্ষোভ

প্রগতি ত্রিপুরা, ২৪ আগস্ট, ২০২৬: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ বন্ধ, অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং বিতর্কিত স্মার্ট মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হলো ‘বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি’। সোমবার সংগঠনের ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও দুই ঘণ্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।

এদিন স্থানীয় টিজিটিএ (TGTA) কার্যালয়ের সামনে থেকে এক বিশাল পথমিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে এবং বিদ্যুৎ দপ্তরের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

বিদ্যুৎ দপ্তরের সামনে অনুষ্ঠিত দুই ঘণ্টার গণঅবস্থান সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়। সভায় প্রধান বক্তা হিসেবে রাজ্য সরকার ও বিদ্যুৎ নিগমের সাম্প্রতিক ভূমিকার তীব্র সমালোচনা করেন সিআইটিইউ (CITU) রাজ্য কমিটির সহ-সভাপতি অমিতাভ দত্ত।

তিনি বলেন, “ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ, ডিউটি চার্জ ও শুল্ক বৃদ্ধির অশুভ খেলায় সাধারণ গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। প্রিপেইড রিচার্জ ব্যবস্থার একাধিক ত্রুটি শুধরে পুরনো ডিজিটাল মিটার অবিলম্বে ফিরিয়ে আনতে হবে।” তিনি স্পষ্ট জানান, বিদ্যুৎ খাতকে বেসরকারি হাতে সঁপে দেওয়ার চক্রান্ত বন্ধ করে একে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কৃষক-বিরোধী প্রস্তাবিত ‘বিদ্যুৎ (সংশোধনী) বিল-২০২৫’ বাতিল করতে হবে।

প্রতিবাদ মঞ্চ থেকে চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং কর্মীদের স্থায়ীকরণ, শূন্যপদ পূরণ, সার্ভিস রুল কার্যকর করা এবং দুর্ঘটনাগ্রস্ত কর্মীদের উপযুক্ত পুনর্বাসনের সুনির্দিষ্ট দাবি তোলা হয়।

সভায় সিআইটিইউ নেতৃত্বের পাশাপাশি বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য রতন রায় ও স্থানীয় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। বক্তারা হুঁশিয়ারি দেন, জনস্বার্থবিরোধী এসব সিদ্ধান্ত থেকে সরে না এলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী