প্রগতি ত্রিপুরা, ২৩ আগস্ট, ২০২৬: ভারী বৃষ্টিপাতের ফলে মোহনপুর মহকুমাধীন বামুটিয়া কৃষি মহকুমার অন্তর্গত বামুটিয়া,জলিলপুর, নোয়াগাঁও,তালতলা, গুচামুড়া সহ বিভিন্ন এলাকার কৃষকরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত।সীমান্ত কাঁটাতারের বেড়ার এপার ওপার উভয় দিকেই জলের তলায় কৃষকদের ফসল।
জল এখনো নামেনি এমত অবস্থায় ক্ষতির সম্মুখীন কৃষকরা সরকারি সাহায্যের আবেদন করেন।বামুটিয়া এলাকায় বেশ কয়টি পরিবার নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছেন,তলিয়ে গিয়েছে একটি মোটর বাইক।তবে এখন পর্যন্ত প্রশাসন,কৃষি মহকুমার আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা যায়নি,তবে সরকারের নিকট আশাবাদী কৃষকরা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এক কৃষক। কৃষক জানান, জলচ্ছ্বাসে ধান ও সবজি খেতের অপূরণীয় ক্ষতি হয়েছে। কাটাতারের বেড়ার দুই পাশের জমিই এখন জলমগ্ন। ধান খেতের পাশাপাশি শাকসবজির জমিগুলোও পুরোপুরি জলের নিচে তলিয়ে গেছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো কর্মকর্তা বা প্রতিনিধি এলাকা পরিদর্শনে আসেননি। কাল থেকে জল কিছুটা স্থির থাকলেও দুর্যোগ পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ অবস্থায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।








