অনলাইন ডেস্ক, ২২ আগস্ট, ২০২৬: আগরতলা শহরে একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বাড়িঘর থেকে ধর্মীয় প্রতিষ্ঠান—চোরের দল বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে চুরি যাওয়া বাইক ও বাইসাইকেল উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট মেলারমাঠ এলাকা থেকে বাইক চুরির অভিযোগ দায়ের করেন অলক চক্রবর্তী নামে এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, বিটারবন এলাকায় নম্বরবিহীন একটি পালসার বাইক নিয়ে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে।
শুক্রবার রাতে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আরও দুইজনকে আটক করা হয়। অভিযানে চুরি যাওয়া বাইক ও একটি বাইসাইকেল উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, ধৃত তিনজনের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। চুরি চক্রের সঙ্গে তাদের আরও কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার ধৃত তিনজনকে আদালতে সোপর্দ করে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। শহরে সাম্প্রতিক চুরির ঘটনাগুলোর সঙ্গে ধৃতদের কোনো যোগ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে।








