মেলাঘর হাসপাতালে চরম অব্যবস্থা: টয়লেট বন্ধ, বিকল পানীয় জলের মেশিন, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা

প্রগতি ত্রিপুরা,১৮ আগস্ট, ২০২৬: সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মেলাঘর হাসপাতালে বিশুদ্ধ পানীয় জল ও শৌচাগারের মতো ন্যূনতম নাগরিক সুবিধার অভাবে দৈনিক শতাধিক রোগী এবং তাঁদের সঙ্গে আসা পরিজনদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

সোনামুড়া মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন প্রচুর মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। তবে অভিযোগ, হাসপাতাল চত্বরে মেলাঘর পুরসভার নির্মিত পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে রহস্যজনকভাবে তালাবন্ধ হয়ে পড়ে আছে। ফলে জরুরি মুহূর্তে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও সাধারণ মানুষ চরম বিপাকে পড়ছেন।

পাশাপাশি, জল জীবন মিশনের আওতায় হাসপাতাল প্রাঙ্গণে যে ‘ওয়াটার এটিএম’ বসানো হয়েছিল, সেটিও প্রায় দুই বছরের বেশি সময় ধরে সম্পূর্ণ অকেজো। ধুলো জমে পড়ে থাকা এই আধুনিক পানীয় জলের যন্ত্রটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে রোগীদের বাইরে থেকে জল কিনে বা পানযোগ্য জলের অভাবে কষ্ট সহ্য করতে হচ্ছে।

হাসপাতাল প্রাঙ্গণে ন্যূনতম মৌলিক সুবিধার এমন বেহাল দশায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। অবিলম্বে বন্ধ টয়লেট খুলে দেওয়ার এবং ওয়াটার এটিএম চালু করার দাবি জানিয়েছেন তাঁরা। এখন দেখার, প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর কত দ্রুত এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী