সাব্রুমে ১৪ বছরের বিকলাঙ্গ কিশোরীকে ধর্ষণের অভিযোগ: পুলিশি হেফাজতে অভিযুক্ত

প্রগতি ত্রিপুরা,১৮ আগস্ট, ২০২৬: স্বাধীনতা দিবসের দিনেই এক ন্যক্কারজনক ঘটনার সাক্ষী থাকল সাব্রুম মহকুমার মনু বাজার থানার অন্তর্গত দক্ষিণ ভুরাতলী গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকা। ১৪ বছরের এক শারীরিক প্রতিবন্ধী জনজাতি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ আগস্ট দুপুরে কিশোরীর বাড়ির নির্জনতার সুযোগ নিয়ে তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে এই অত্যাচার চালানো হয়। ঘটনার পর নানা সামাজিক চাপের কারণে মামলা করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল পীড়িতার হতদরিদ্র পরিবার। পরবর্তীতে গ্রাম প্রধান ও স্থানীয় প্রমীলা বাহিনীর সহায়তায় ঘটনার সত্যতা সামনে আসে। প্রথমে কিশোরীকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য, এরপর পরিবারের পক্ষ থেকে মনু বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে মনু বাজার থানার পুলিশ এবং নিজ বাসভবন থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার নিশ্চিত করে সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দীপ্তনু বিশ্বাস জানান, অভিযুক্তের বিরুদ্ধে ১৭ আগস্ট মনু বাজার থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ১৮/২০২৬)। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র প্রাসঙ্গিক ধারা, পকসো (POCSO) আইন এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের সুরক্ষার জন্য প্রণীত RPWD আইনের আওতায় এই মামলা নথিভুক্ত হয়।

১৮ আগস্ট সকালে অভিযুক্ত প্রৌঢ়কে মনু বাজার গ্রামীণ হাসপাতালে শারীরিক পরীক্ষার পর বিলোনিয়া বিশেষ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এবং অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী