প্রগতি ত্রিপুরা,১৭ আগস্ট, ২০২৬: রাজ্যে সরকারি চাকুরির ক্ষেত্রে স্থায়ী বাসিন্দার শংসাপত্র (PRTC)-র বাধ্যবাধকতা তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ডেমোক্রেটিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (DYFI) এবং ত্রিপুরা যুব ফেডারেশন (TYF)। সোমবার মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য নেতৃত্ব সরকারের এই পদক্ষেপকে রাজ্যের বেকার যুবকদের স্বার্থবিরোধী বলে অভিহিত করেন।
PRTC প্রত্যাহারের সিদ্ধান্তে স্বজনপোষণের অভিযোগ
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে DYFI-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, এতদিন পর্যন্ত রাজ্যে সরকারি চাকুরির আবেদনের ক্ষেত্রে PRTC বাধ্যতামূলক ছিল। কিন্তু সাম্প্রতিক নির্দেশে তা বাতিল করে কেবল রাজ্যের যেকোনো বিদ্যালয়ে ৫ বছর পড়াশোনার প্রমাণপত্র জমা দেওয়ার শর্ত যুক্ত করা হয়েছে। নেতৃত্বের অভিযোগ, কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে অন্যায় সুবিধা করে দিতেই এই নিয়ম সংশোধন করা হয়েছে। রাজ্যের বেকার যুবকদের ভবিষ্যতের কথা ভেবে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
স্বাস্থ্যক্ষেত্রে হাহাকার: আটকে ৪২ চিকিৎসকের অফার লেটার
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার অবস্থার চিত্র তুলে ধরে যুব নেতৃত্ব বলেন, বর্তমানে হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসকের অভাবে স্বাস্থ্য পরিষেবা চরম সংকটের মুখে পড়েছে। ডেপুটেশনের নামে জোড়াতালি দিয়ে কাজ চালানো হচ্ছে। অথচ প্রশাসনিক উদাসীনতা ও দীর্ঘসূত্রতার কারণে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও ৪২ জন চিকিৎসকের অফার লেটার আটকে রয়েছে। যেখানে সাধারণ মানুষ চিকিৎসা না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন, সেখানে প্রস্তুত থাকা চিকিৎসকদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে না—তা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে তাঁদের হাতে অফার লেটার তুলে দেওয়ার দাবি জানানো হয়।
স্বাধীনতা দিবসে অশান্তির বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি
এদিনের সাংবাদিক সম্মেলন থেকে স্বাধীনতা দিবসের দিন রাজ্যে ঘটে যাওয়া একাধিক অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। অভিযোগ করা হয়, সোনামুড়ায় জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিতে শাসকদলের কর্মীরা বাধা সৃষ্টি করেছে এবং জিবি বাজার এলাকায় এক টিএসআর জওয়ান আক্রমণের শিকার হয়েছেন। জাতীয় মর্যাদা ক্ষুণ্ণকারী এসব ঘটনার সাথে যুক্ত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুব নেতৃত্ব।








