প্রগতি ত্রিপুরা,১৭ আগস্ট, ২০২৬: সারা দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে আজ জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর উদ্দেশ্যে ১১ দফা সম্বলিত ডেপুটেশন জমা দিয়েছে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। কেন্দ্রীয় ও রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। নেতৃত্বে ছিলেন রুমা সাহা রাজু দাস সজল দেবনাথ বকুল দাস বিএমএস-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা সাহা সংবাদ মাধ্যমকে জানান, তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে: নূন্যতম মজুরি: শ্রমিকদের জন্য প্রতি মাসে নূন্যতম ৩০,০০০ টাকা মজুরি নির্ধারণ করতে হবে। সমকাজে সমবেতন: একই কাজের জন্য সকলকে সমপরিমাণ বেতন দিতে হবে।
স্কিম ওয়ার্কারদের স্বীকৃতি: বিশেষ করে অঙ্গনওয়াড়ি সহ অন্যান্য স্কিম ওয়ার্কারদের, যারা প্রায় অর্ধশতাব্দী ধরে কাজ করছেন, তাদেরকে পূর্ণ ‘ওয়ার্কার’ বা শ্রমিকের মর্যাদা দিয়ে শ্রম আইনের আওতায় আনতে হবে। পরিবহন ক্ষেত্রে ছাড়: ফিটনেস ফি-এর দৈনিক ৫০ টাকার জরিমানা বন্ধ করে এককালীন নিষ্পত্তির সুযোগ দিতে হবে। পাশাপাশি পেশাগত কর কমানো এবং ২০২৩ সালের পর নতুন করে ভাড়া তালিকা পুনর্বিন্যাসের দাবি জানানো হয়েছে।
সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (DA) মেটানো, অষ্টম বেতন কমিশন গঠন এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কর্মচারীদের মতো ডিএ প্রদান করার দাবি তোলা হয়। ডিএম তাদের সকল দাবি সহানুভূতির সাথে শুনেছেন এবং তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে রমা সাহা জানান।








