অনলাইন ডেস্ক, ১৬ আগস্ট, ২০২৬: তেলিয়ামুড়া মহকুমাজুড়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার ভগত সিং মিনি স্টেডিয়ামে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের আগে ‘বন্দে মাতরম্’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৯টা ১০ মিনিটে ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপর কবি নজরুল বিদ্যাভবনের ছাত্রীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর সরকারি মুখ্য সচেতক শ্রীমতী সাহা রায় ১২ ব্যাটালিয়ন টিএসআর, বিএসএফ, এনসিসি ইউনিট এবং স্কাউট ও গাইডের বিভিন্ন প্লাটুনের অভিবাদন গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক রোহন কেশানসহ প্রশাসন ও পুলিশের অন্যান্য আধিকারিকরা।
কুচকাওয়াজ শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করে দেশ ও জাতির প্রতি তাঁদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার মূল্য ও মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের আদর্শে উদ্বুদ্ধ করার উপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি তেলিয়ামুড়া মহকুমার সার্বিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার প্রশংসা করেন।
এরপর কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন প্লাটুনের হাতে স্মারক ও মেমেন্টো তুলে দেন সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের পর তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাঁশ নৃত্য, দেশাত্মবোধক নৃত্য, সংগীত পরিবেশনের পাশাপাশি ব্যান্ড পারফরম্যান্স পরিবেশিত হয়। এদিন মহকুমা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে যোগ প্রদর্শনী, দড়ি টানাটানি, আর্ম রেসলিংসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলাকার বিভিন্ন অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ধীনতা দিবস উদযাপনের সমাপ্তি পর্বে তেলিয়ামুড়ার এক স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যকে শাল পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ, দড়ি টানাটানি এবং আর্ম রেসলিং প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়, পুর পরিষদের কাউন্সিলরগণ, অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্জন দাসসহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন সন্ধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়, অন্যান্য কাউন্সিলর এবং মহকুমা শাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর জিনিয়াস দেববর্মা। তেলিয়ামুড়া শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় নৃত্য, সংগীতসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মনোরঞ্জন করে। এছাড়া তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হয়।
খানে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। অনুষ্ঠানে অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্জন দাস, ডেপুটি কালেক্টর জিনিয়াস দেববর্মা, ডেপুটি কালেক্টর সন্দীপ দেববর্মা, ডেপুটি কালেক্টর দেবাশীষ চাকমাসহ মহকুমা শাসকের কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগেও পুর পরিষদ কার্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার। অনুষ্ঠানে ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়, কাউন্সিলরগণ এবং পুর পরিষদের ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে ব্লক কার্যালয় প্রাঙ্গণেও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ভানলাল রাঙ্খল, পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্য-সদস্যা এবং ব্লক আধিকারিক বিপ্লব আচার্য। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অন্যদিকে কল্যাণপুর ব্লকের উদ্যোগে ব্লক কার্যালয় প্রাঙ্গণেও যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ। অনুষ্ঠানে কল্যাণপুর ব্লক আধিকারিক রাজীব ভট্টাচার্য সহ ব্লকের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।








