অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে আমাদের সবার দায়িত্ব রয়েছে: উচ্চ শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৬ আগস্ট, ২০২৬:  যথাযোগ্য মর্যাদায় গতকাল সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা ভিত্তিক দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত অনুষ্ঠানে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ। অনুষ্ঠানে তিনি আরক্ষা বাহিনীর কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা উল্লেখ করেন এবং সেইসব বীর শহীদদের প্রতি সম্মান জানান।

জাতীয় পতাকার ৩টি রঙের অর্থ ব্যাখ্যা করে উচ্চ শিক্ষামন্ত্রী বলেন, তিরঙ্গা শুধু জাতীয় পতাকা নয়, এর মধ্যে রয়েছে আমাদের ইতিহাস, আত্মত্যাগ, স্বপ্ন এবং ভবিষ্যৎ। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পরে স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ডিগ্রী অর্জন করার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে এবং দেশাত্মবোধে উদ্বুদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী, ভাইস চেয়ারপার্সন শাহাজাহান মিয়াঁ, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক রাজু দেব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সোনামুড়া মহকুমা এলাকার বিভিন্ন বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ দেশাত্মবোধক সংগীত ও নৃত্য এবং জনজাতি লোকনৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে প্যারেড প্রদর্শনে অংশগ্রহণ করেন ত্রিপুরা পুলিশ বাহিনী, সোনামুড়াস্থিত কবি নজরুল মহাবিদ্যালয় এবং সোনামুড়া এলাকার ৩টি বিদ্যালয় সহ মোট ৫টি দল।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী