প্রগতি ত্রিপুরা, ১২ আগস্ট,২০২৬: হারিয়ে যাওয়া বা চুরি হওয়া বিপুল সংখ্যক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাসি ফেরাল দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের মোট ৩৫টি উদ্ধারকৃত মোবাইল ফোন গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রযুক্তি ‘সিইআইআর’ (Central Equipment Identity Register) পোর্টালের সহায়তায় বিগত দুই মাসে এই মোবাইল ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই পোর্টালে প্রতিটি মোবাইল ফোনের স্বকীয় ‘আইএমইআই’ (IMEI) নম্বর ব্যবহার করে অবস্থান শনাক্ত করা হয়। সেই প্রযুক্তির সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সফল অভিযান চালিয়ে মোবাইলগুলি উদ্ধার করে।
এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যক্তিগতভাবে গ্রাহকদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তুলে দেন দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার শৌর্য কৃষ্ণা (IPS)।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় হ্যান্ডসেটটি অক্ষত অবস্থায় ফেরত পেয়ে দারুণ উচ্ছ্বসিত গ্রাহকরা। পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপকৃতরা।








