‘হর ঘর তিরঙ্গা’ প্রচারে উদয়পুরে বিজেপির সুসজ্জিত বর্ণাঢ্য মিছিল, অংশ নিলেন বহু মানুষ

প্রগতি ত্রিপুরা, ১২ আগস্ট,২০২৬: দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল ভারতীয় জনতা পার্টি।

বুধবার বিকেলে বিজেপির গোমতী জেলা শাখা ও ৩১-রাধা কিশোরপুর মণ্ডলের যৌথ উদ্যোগে উদয়পুর শহরে এই মিছিলটি বের হয়। জাতীয় গর্ব, দেশপ্রেম ও সাম্প্রদায়িক ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

মিছিলে অংশ নেওয়া বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের হাতে শোভা পায় জাতীয় পতাকা। তেরঙ্গা হাতে তাদের উপস্থিতি পুরো উদয়পুর শহরকে এক উৎসবমুখর ও দেশাত্মবোধক আবহে ভরিয়ে তোলে।

উক্ত মিছিলে নেতৃত্ব দেন ৩১-রাধা কিশোরপুর মণ্ডলের সভাপতি সানি সাহা এবং উদয়পুর পুরপরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার। এছাড়াও জেলা ও স্থানীয় মণ্ডলের একাধিক বিশিষ্ট দলীয় নেতৃবৃন্দ শোভাযাত্রায় পা মেলান।

কর্মসূচি চলাকালীন মন্ডল সভাপতি সানি সাহা প্রতিটি গৃহে সসম্মানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “’হর ঘর তিরঙ্গা’ কেবল কোনো সাধারণ উদ্যোগ নয়, এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং কোটি কোটি দেশবাসীর ঐক্যের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর একটি অনন্য মাধ্যম। এই অভিযানের লক্ষ্য প্রতিটি নাগরিকের মনে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও গর্বের অনুভূতি আরও বাড়িয়ে তোলা।”

স্বাধীনতা দিবসকে সামনে রেখে আয়োজিত বিজেপির এই স্বতঃস্ফূর্ত শোভাযাত্রাকে কেন্দ্র করে এদিন উদয়পুর জুড়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী