ভিবি-জি-রামজি দেশের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে: পঞ্চায়েতমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১০ আগস্ট, ২০২৬: বিলোনীয়া পুরাতন টাউনহলে আজ ভিবি-জি-রামজি এর উপর একদিনের এক জেলাভিত্তিক পঞ্চায়েত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ বলেন, এই আইন আমাদের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে। গ্রামীণ মানুষের দক্ষতা বৃদ্ধি করবে, জীবিকা নির্বাহে এবং স্থায়ী সম্পদ বৃদ্ধিতে সাহায্য করবে। তিনি আরও বলেন, এর মাধ্যমে গ্রামের আমুল পরিবর্তন সম্ভব। এমজিএন রেগার চেয়ে এই আইনে জনগণের উন্নয়নের সুযোগ অনেক বেশি রয়েছে।

এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করা সম্ভব। তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, গ্রামের মানুষের চাহিদা অনুসারে পরিকল্পনা তৈরি করতে হবে। বিভিন্ন প্রকল্প রপায়ণের মাধ্যমে সম্পদ সৃষ্টি করাই শেষ কথা নয়, তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করতে হবে। তিনি জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, গ্রামীণ এলাকার জনগণ, সরকারি কর্মচারি ও জনপ্রতিনিধি সকলে যদি ঐক্যবদ্ধভাবে এই আইনের বাস্তবায়নে সক্রিয় হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যেই এই আইনের সুফল জনগণের কাছে পৌঁছে যাবে। তিনি আশা প্রকাশ করেন এই আইন গ্রামীণ জনগণের কর্মসংস্থানের পথকে সুগম করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক (পিপি) শান্তিরঞ্জন চাকমা। বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন সমাজসেবী দীপায়ন চৌধুরী, সেন্ট্রাল ওয়ার্কস ট্রেনিং ইনস্টিটিউট-এর অধ্যক্ষ সুমিত মজুমদার প্রমুখ। সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সহকারি সভাধিপতি তপন দেবনাথ। কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ, বিডিওগণ এবং সংশ্লিষ্ট কর্মচারিগণ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী