টমটম ও দূরপাল্লার লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক যুবক

প্রগতি ত্রিপুরা, ৮ আগস্ট, ২০২৬: তেলিয়ামুড়ার নেতাজিনগর এলাকায় টমটম ও দূরপাল্লার লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক যুবক টমটম চালক। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ গাড়ির ভিতরেই আটকে ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

জানা গেছে, TR-06A-1976 নম্বরের একটি মহিন্দ্রা টমটম তেলিয়ামুড়া থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল। রাত আনুমানিক ১১টা নাগাদ নেতাজিনগর এলাকায় একটি দূরপাল্লার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টমটমটির।সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে টমটমটির সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর গাড়ির ভিতরেই আটকে পড়েন চালক।ঘটনাটি প্রথম দেখতে পান স্থানীয় দুই সাংবাদিক রাহুল পাল ও মৃন্ময় রায়। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে চলে উদ্ধার অভিযান। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত চালককে গাড়ির ভিতর থেকে বের করে আনা হয়। পরে দমকলের গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। দমকল আধিকারিক জানান, আহত টমটম চালকের নাম দীপ্তনু সরকার, বয়স ১৮ বছর। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। তবে এই দুর্ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়েছে জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত উদ্ধারের পরিকাঠামো।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আধুনিক উদ্ধার সরঞ্জামের অভাবে আহত যুবককে দ্রুত গাড়ির ভিতর থেকে বের করা সম্ভব হয়নি।একইসঙ্গে বারবার জাতীয় সড়কে দুর্ঘটনা এবং দীর্ঘ সময় ধরে আহতদের গাড়ির ভিতরে আটকে থাকার ঘটনায় উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত উদ্ধারকাজ চালাতে আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থা করা জরুরি।উল্লেখ্য, গত বছর চাকমাঘাট এলাকায় একই ধরনের দুর্ঘটনায় লরির চালক মিহির দেবনাথ দীর্ঘ সময় গাড়ির ভিতরে আটকে থাকার পর প্রাণ হারিয়েছিলেন বলে জানা যায়।এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী