প্রগতি ত্রিপুরা, ৮ আগস্ট, ২০২৬: মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে অভয়নগরে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। অভয়নগর স্পোর্টস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি এবং টিএনজিসিএল-এর যৌথ উদ্যোগে অভয়নগরস্থিত হিন্দি উচ্চতর বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ১৫০ জন মা-বোনের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের নিজস্ব কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সেলাই মেশিনের মাধ্যমে বাড়িতে থেকেই কাজ করে পরিবারের আর্থিক সহায়তায় এগিয়ে আসতে পারবেন উপভোক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিজিত প্রার্থী তথা সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার সমাজসেবী পাপিয়া দত্তের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই পাপিয়া দত্ত এলাকার মানুষের পাশে রয়েছেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে সাধারণ মানুষের সঙ্গে থেকে তাঁদের বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসেন তিনি।
মেয়র আরও বলেন, মানুষের পাশে থাকার মানসিকতা এবং সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নের জন্য কাজ করার যে ধারাবাহিকতা বজায় রেখেছেন, তা প্রশংসনীয়। এলাকার মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগই তাঁকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিনের সেলাই মেশিন বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় মহিলাদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে এ ধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে ১৫০ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়ায় তাঁদের মধ্যে নতুন করে কর্মসংস্থান ও স্বনির্ভরতার আশা তৈরি হয়েছে।








