অনলাইন ডেস্ক, ২ অগাস্ট, ২০২৬: বিশ্রামগঞ্জ থানা এলাকা থেকে কয়েক হাত দূরে, জাতীয় সড়কের পাশে পুস্করবাড়ি এলাকায় এক নজিরবিহীন চুরির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে বাড়ি প্রাঙ্গণে থাকা একটি সিএনজি অটো গাড়ি চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীদের দল। পুলিশ প্রশাসনের একেবারে নাকের ডগায় ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
গাড়ির চালক তথা ভুক্তভোগী যুবক রাকেশ আচার্য্য (৩৪)। তিনি তাঁর অসুস্থ ও বৃদ্ধা মা পুষ্পরানী আচার্য্যকে নিয়ে ওই বাড়িতে থাকেন। ছয়-সাত মাস আগে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে সম্পূর্ণ শয্যাশায়ী তাঁর মা। সারাদিন পরিশ্রমের পর পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হিসেবে অটো চালিয়েই মায়ের চিকিৎসা ও সংসার পরিচালনা করতেন রাকেশ।
জানা গেছে, অটো গাড়িটি (নম্বর: TR 07 A 2101) ঘরজলা এলাকার বাসিন্দা ইন্দ্রিজিৎ সরকারের। প্রতি মাসে ৭,০০০ টাকা ভাড়া দেওয়ার চুক্তিতে গাড়িটি চালাতেন রাকেশ। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ির বারান্দায় গাড়িটি পার্ক করে রেখেছিলেন তিনি। কিন্তু গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা আস্ত অটোটি চুরি করে নিয়ে যায়।
থানার এতো কাছে এবং জাতীয় সড়কের গা ঘেষে থাকা এলাকা থেকে একটি গোটা অটো হাওয়া হয়ে যাওয়ার ঘটনায় চরম নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরই রাকেশ আচার্য্য বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। তবে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেফতার করা পুলিশের পক্ষে কতটা সম্ভব হয়, এখন সেদিকেই তাকিয়ে এলাকা ও স্থানীয় অটো চালক সংগঠন।








