প্রগতি ত্রিপুরা, ২৯ জুলাই, ২০২৬: একাধিক জনস্বার্থসংশ্লিষ্ট দাবি, সরকারি দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে উনকোটি জেলার কুমারঘাটে জোরালো প্রতিবাদ জানাল কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির (TPCC) নির্দেশে বুধবার কৈলাসহর জেলা তপশিলি জাতি (SC) ও ওবিসি (OBC) কংগ্রেসের যৌথ উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। এদিন পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য ও বৃহৎ মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো পরিক্রমণ করে মিছিলটি পাবিয়াছড়া বাজার সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
পরবর্তীতে সেখানে আয়োজিত গণসমাবেশে ব্যাপক সংখ্যক কংগ্রেস কর্মী-সমর্থকের সমাগম ঘটে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জনসভায় আইজিপি অনুরাগ ধানখড়ের মৃত্যু: ত্রিপুরার পুলিশ মহাপরিদর্শক (IGP) অনুরাগ ধানখড়ের রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ ও সত্য উন্মোচনের লক্ষ্যে উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। নিট (NEET) ইস্যুতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অনিয়মের অভিযোগে তীব্র প্রতিবাদ জানানো হয়। আন্দোলনরত পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ব্যর্থতার দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলে হাত শিবির।
সাধারণ গরিব মানুষের স্বার্থ উপেক্ষা করে বর্তমান সরকার কেবল পুঁজিপতি ও কর্পোরেট বন্ধুদের সুবিধা পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ তোলা হয়। কুমারঘাট পুর এলাকা ও সংলগ্ন অঞ্চলের একাধিক নাগরিক সমস্যা নিয়ে স্থানীয় প্রশাসনকে কাঠগড়ায় তোলেন নেতারা। কুমারঘাট শহরের নিকাশি ব্যবস্থার চরম বেহাল অবস্থা, পানীয় জলের সংকট, জাতীয় ও রাজ্য সড়কের দৈন্যদশা এবং বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের গাফিলতি নিয়ে রাজ্য সরকারের কঠোর সমালোচনা করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন নিরঞ্জন দাস, মনোরঞ্জন দেবনাথ, সরবাণী ঘোষ, সত্যবান দাস, তরুণ সাহা, সমীরণ দাস, রিন্টু লাল দেব, ফুল কুমারী গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। জনসভায় বক্তারা জানান, সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশজুড়ে যে অন্যায়বিরোধী লড়াই চলছে, ত্রিপুরার মাটিতেও শত প্রতিকূলতা পেরিয়ে তা জারি থাকবে। কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আরও বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান প্রদেশ নেতৃত্ব।








