কয়েক দশকের অবহেলায় বেহাল নোয়াগাঁও-তালতলা সড়ক, বেইলি ব্রিজ সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী

প্রগতি ত্রিপুরা, ২৮ জুলাই, ২০২৬: মোহনপুর, ত্রিপুরা: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও থেকে তালতলা বিদ্যালয়গামী সড়ক এবং ওই রাস্তার বেইলি ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, এই পথটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। কৃষিপ্রধান ও বনাঞ্চল সংলগ্ন হওয়ায় কৃষক, শ্রমজীবী মানুষ এবং বিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়ায় এবং বেইলি ব্রিজের বেহাল অবস্থার কারণে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে বলে দাবি তাঁদের।

এলাকাবাসীর বক্তব্য, বিষয়টি একাধিকবার জনপ্রতিনিধি, পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে কাজের অগ্রগতি দেখা যায় না বলেও অভিযোগ তাঁদের।

সংবাদমাধ্যমের সামনে স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক ও বেইলি ব্রিজের সংস্কারের দাবি জানান। তাঁদের মতে, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। এখন সংশ্লিষ্ট দপ্তর এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবি কত দ্রুত বাস্তবায়ন করে, সেদিকেই নজর সকলের।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী