প্রগতি ত্রিপুরা, ২৮ জুলাই, ২০৬: গোমতী জেলায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে আনুমানিক ৭ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর সিপাহীজলা জেলার মেলাঘর থেকে উদয়পুরগামী TR03C 3018 নম্বরের একটি অটোরিকশার ওপর নজরদারি শুরু করা হয়। পরে বুধবার সন্ধ্যায় উদয়পুরের বিবেক সংঘ সংলগ্ন এলাকায় গাড়িটি আটক করা হয়।
অভিযানের সময় অটোরিকশায় থাকা তিনজনকে আটক করা হয়। ধৃতদের পরিচয় বিশাল দাস (ছনবন এলাকা), রবি চৌধুরী (সোনামুড়া চৌমুহনী) এবং অর্ঘ্য দাস (এগ্রিকালচার চৌমুহনী) বলে জানিয়েছে পুলিশ।
তল্লাশির সময় বিশাল দাসের কাছ থেকে ৭০টি পৃথক কৌটায় সংরক্ষিত আনুমানিক ৭ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এরপর রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের প্রাথমিক পরীক্ষা ও ওজন নির্ধারণের পর তা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি অটোরিকশাটিও জব্দ করে তিন অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়।
মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, ঘটনায় এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে। একই সঙ্গে এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ধৃত বিশাল দাসের বিরুদ্ধে পূর্বেও এনডিপিএস আইনে একটি মামলা রয়েছে। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং মাদকচক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।








